বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তান-আফগান সীমান্তে সংঘর্ষ: ৫ পাকিস্তানি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তান-আফগান সীমান্তে নতুন সহিংসতার ঘটনায় অন্তত ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক সূত্রে জানানো হয়েছে, গত রোববার (২৫ অক্টোবর) সীমান্তবর্তী কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। সংঘর্ষে আফগানিস্তান থেকে আসা অন্তত ২৫ সন্ত্রাসীও নিহত হয়েছে।

সেনাবাহিনী অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণে ব্যর্থ, যার কারণে সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে গেছে। চলতি মাসের শুরুতে দুই দেশের সীমান্তে তীব্র সংঘর্ষের পর তুরস্কে আলোচনার মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করেছেন, আলোচনা ব্যর্থ হলে ইসলামাবাদের সামনে “সরাসরি যুদ্ধ” ছাড়া বিকল্প থাকবে না। তালেবান সরকারের পক্ষ থেকে এখনও নতুন সংঘর্ষ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, আফগানিস্তান- পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা দ্রুত সমাধান হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন