ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান ও মাদকদ্রব্য সেবন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) হল প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইনসহ কোনো ধরনের মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
হল প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

