বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টঙ্গীতে খতিব মহিবুল্লাহর ‘নিখোঁজ’ ঘটনা সাজানো নাটক: পুলিশ

ডেস্ক রিপোর্ট।।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজ হওয়ার ঘটনা সাজানো নাটক ছিল বলে ধারণা করছে পুলিশ। তদন্তে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের অবস্থান এবং চিকিৎসকের প্রতিবেদনে খতিবের বর্ণনার সঙ্গে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা গেছে, তদন্ত শেষে খতিব মহিবুল্লাহর বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে মাওলানা মহিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। থানা সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে নিখোঁজ হওয়ার ঘটনাটি নিজের ইচ্ছাতেই ঘটানো হয়েছিল।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে শিলমুন সিএনজি এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মহিবুল্লাহ একাই দ্রুত হেঁটে যাচ্ছেন। সেখানে কোনো অ্যাম্বুলেন্স বা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি। মোবাইল ট্র্যাকিংয়ে দেখা গেছে, তিনি পরে সিরাজগঞ্জ হয়ে পঞ্চগড়ে পৌঁছান।

পরদিন (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন জানিয়েছেন, মহিবুল্লাহর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—শুধু ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছিল। তদন্ত কর্মকর্তাদের ধারণা, তিনি নিজেই নিজের পায়ে শিকল বেঁধেছিলেন।

এ বিষয়ে অনুসন্ধান করছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, চারটি ভিন্ন কোণ থেকে নেওয়া ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ১৮ মিনিটে মহিবুল্লাহ ফিলিং স্টেশনের সামনে দিয়ে একাই দ্রুত হাঁটছেন। তথাকথিত অ্যাম্বুলেন্সে অপহরণের কোনো দৃশ্য সেখানে দেখা যায়নি।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সোলেইমানও নিশ্চিত করেছেন, পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছে এবং ‘অপহরণের কোনো প্রমাণ মেলেনি’।

পুলিশ বলছে, ঘটনার পেছনের উদ্দেশ্য ও মহিবুল্লাহর দেওয়া ‘হুমকির চিঠি’ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই চলছে। বিষয়টি নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি হেডকোয়ার্টারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের প্রস্তুতি চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন