বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্বে পদোন্নতি পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। তিনি পূর্বে বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করলেও এবার তাকে ক্রিকেট অপারেশন্স ইনচার্জ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর পাশাপাশি নাফীসকে নতুন করে বাংলাদেশ টাইগার্স ইনচার্জ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি—যা তার দায়িত্বকে আরও বিস্তৃত করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে চিঠি পেয়ে এই দুই দায়িত্ব পান তিনি। বিষয়টি শাহরিয়ার নাফীস নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে নাফীস একবার ক্রিকেট অপারেশন্স ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার আবারও একই পদে ফিরে এসে তিনি একযোগে বাংলাদেশ টাইগার্স প্রকল্পের নেতৃত্বও দেবেন।
বিসিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরিয়ার নাফীসের নেতৃত্বে বোর্ডের উন্নয়ন ও পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

