জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে জমা দেয় ঐকমত্য কমিশন।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে ড. আলী রীয়াজ বলেন, “আজই সব রাজনৈতিক দলের কাছে বাস্তবায়ন প্রক্রিয়া সংক্রান্ত সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়— এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সংবিধান সংশোধনের ক্ষেত্রে ৪৮টি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত নিতে গণভোট আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, “আগামী জাতীয় সংসদ গঠনের পর প্রথম নয় মাসের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই সংসদই জুলাই সনদের বাস্তবায়ন তদারক করবে। যদি সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারে, তাহলে জুলাই সনদের প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।”
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি জানান, যেসব রাজনৈতিক দল এখনো সনদে স্বাক্ষর করেনি, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এনসিপির সঙ্গেও আলোচনা চলছে এবং তারা শেষ পর্যন্ত সনদে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, আবদুল মুয়ীদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।

