বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় রদবদল আসতে পারে। জানা গেছে, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে থাকা দুই উপদেষ্টা — আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম — ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পদত্যাগপত্র জমা দিতে পারেন। দুজনই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, আর তপশিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। এর আগেই নিরপেক্ষতা বজায় রাখতে পদত্যাগ করতে চান উপদেষ্টা পরিষদের রাজনৈতিকভাবে আলোচিত দুই ছাত্র উপদেষ্টা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল উপদেষ্টা পরিষদে ‘দলঘনিষ্ঠ’ ব্যক্তিদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে ঘিরে বিতর্ক বাড়ছে।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রধান উপদেষ্টা পর্যায় থেকে ইতোমধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র জানায়,আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার ধানমন্ডি-কলাবাগান কেন্দ্রিক ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে পারেন। যদিও তিনি আগে কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা। এনসিপি তার প্রতি আনুষ্ঠানিক সমর্থন দেবে বলেও ইঙ্গিত রয়েছে।

অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লড়তে পারেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে। সেখানে বিএনপি জোটগতভাবে আসন ছাড়তে পারে, ফলে তিনি এনসিপি বা বিএনপির ব্যানারেই প্রার্থী হতে পারেন।

আসিফ মাহমুদ বলেছেন,

“যে কেউ রাজনীতি করতে চাইলে নির্বাচন ঘোষণার আগে পদত্যাগ করাই উচিত। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি তপশিলের আগেই দায়িত্ব ছাড়ব।”

অন্যদিকে মাহফুজ আলম জানিয়েছেন,

“দুই মাস ধরে অনিশ্চয়তায় আছি কবে পদত্যাগ করব। কিন্তু নির্বাচনের আগে আমি রাজনীতিতে ফিরে আসব।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,

“কেউ যদি উপদেষ্টা থেকে রাজনীতিতে আসতে চান, তবে আগে পদত্যাগ করতে হবে। এরপর দল সিদ্ধান্ত নেবে তাঁকে অন্তর্ভুক্ত করবে কি না।”

দলটির আরেক নেতা মুশফিক উস সালেহীন জানান, দুই ছাত্র উপদেষ্টা যোগ দিতে চাইলে এনসিপি তাদের স্বাগত জানাবে।

তবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মনে করেন,

“অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা রক্ষায় ছাত্র উপদেষ্টার উপস্থিতি গুরুত্বপূর্ণ। তাদের না থাকলে গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব দুর্বল হবে।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এর ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি যুক্ত হন। এর আগে নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে পরে এনসিপির আহ্বায়ক হন।

বর্তমানে দুই উপদেষ্টার পদত্যাগ ও রাজনৈতিক যাত্রা নিয়ে সরব পুরো রাজনৈতিক অঙ্গন—কেউ বলছেন, এটি নির্বাচনের আগে সরকারের নিরপেক্ষতার পরীক্ষা, আবার কেউ দেখছেন এটি নতুন প্রজন্মের রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে।

সূত্র: কালবেলা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন