বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আগামী ডিসেম্বর মাসে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”
তিনি আরও জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে, তবে গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারে রাখা হবে না।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচনের আগে ও চলাকালীন সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অপপ্রচার বা ভুয়া তথ্য ছড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেন।

প্রেস সচিব জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনকে ঘিরে দেশের ভেতর ও বাইরে থেকে অপশক্তি সক্রিয় হতে পারে। তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। তাই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।”

সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা সভায় বলেন, “এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়-ঝাপ্টাই আসুক, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন