প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে দেশের ভিতরে ও বাইরে নানা অপশক্তি কাজ করতে পারে। বড় শক্তি নিয়েও তারা নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, আসন্ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ আসার সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো ঝড়-ঝাপ্টা অতিক্রম করতে হবে। তিনি নির্দেশ দেন, নির্বাচনের প্রাথমিক কার্যক্রম আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য তালিকা তৈরি করা হয়েছে, যেখানে শ্বশুরবাড়ি ও আত্মীয়-স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া, গত তিন নির্বাচনে রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনকারীদের এবারের নির্বাচনে রাখা হবে না।

