কর্মস্থলে টানা ১৪ মাস অনুপস্থিত থাকার কারণে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শাহ নূর আলম পাটওয়ারী অ্যান্টি টেররিজম ইউনিটে সংযুক্ত থাকলেও রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিনা অনুমতিতে ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা কার্যকর ধরা হয়েছে তার অনুপস্থিতির তারিখ অর্থাৎ ১৯ আগস্ট ২০২৪ থেকে। তবে বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
সূত্র জানায়, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় শাহ নূর আলম পাটওয়ারীর নাম উঠে আসে। এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে ওই ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। বর্তমানে তিনি পলাতক।

