বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কারোর চাহিদা বিবেচনায় শাপলা কলি যুক্ত করা হয়নি : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন কমিশন (ইসি) তাদের নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে। তবে ‘শাপলা কলি’— এই দুইয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,

“কোনো রাজনৈতিক দলের অনুরোধে নয়, বরং প্রতীক নিয়ে আসা বিভিন্ন মতামত ও পর্যালোচনার ভিত্তিতেই কমিশন ‘শাপলা কলি’ যুক্ত করেছে।”

আখতার আহমেদ আরও জানান, নির্বাচন কমিশনের বিধিমালা সংশোধন করে আগের তালিকার ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে এবং নতুন কয়েকটি প্রতীক যোগ করা হয়েছে। এতে করে এখন মোট ১১৯টি প্রতীক চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি বলেন,

“শাপলা কলি ছাড়াও আরও কয়েকটি নতুন প্রতীক যুক্ত করা হয়েছে। এখানে নতুন কোনো বিতর্কের সুযোগ দেখি না।”

এর আগে বৃহস্পতিবারই ইসির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে ‘শাপলা কলি’সহ নতুন প্রতীকগুলো যুক্ত করা হয়েছে। সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের আর্টিকেল ৯৪ অনুযায়ী কমিশন এই সংশোধন আনে।

সংশোধিত তালিকায় আনারস, গাভি, টেলিভিশন, বই, রেল ইঞ্জিন, আম, গামছা, বক, রিকশা, লিচু, ঈগল, ঘণ্টা, বাইসাইকেল, শাপলা কলি, উদীয়মান সূর্যসহ মোট ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইছিল। গত জুনে দলটি নিবন্ধনের আবেদন করে শাপলা, কলম ও মোবাইল ফোনের মধ্যে যেকোনো একটি প্রতীক দাবি করেছিল। পরবর্তীতে তারা কেবল শাপলা প্রতীকেই অনড় থাকে।

কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় ‘শাপলা’ না থাকায় তাদের আবেদন একাধিকবারই নাকচ করা হয়। এমনকি নাগরিক ঐক্যও আগে একই প্রতীক চেয়েছিল, যা কমিশন প্রত্যাখ্যান করেছিল।

গত ৭ অক্টোবর এনসিপি আবারও ‘শাপলা’ প্রতীক চেয়ে কমিশনে সাতটি নমুনাচিত্র পাঠায়, কিন্তু সেটিও গৃহীত হয়নি। ইসি জানায়, শুধুমাত্র অনুমোদিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে হবে, অন্যথায় কমিশন নিজস্ব বিবেচনায় প্রতীক বরাদ্দ করবে।

অবশেষে, আজ সংশোধিত তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল নির্বাচন কমিশন— যা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন