বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শীতের আগমনি তবু বিদায় নিচ্ছে না বৃষ্টি, টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট।।

দেশজুড়ে শীতের আগমনি বার্তা মিললেও বৃষ্টি যেন এখনও বিদায় নিতে নারাজ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে টানা পাঁচ দিন বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও দেখা দিতে পারে। তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

রোববার (২ নভেম্বর) থেকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে, তবে সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া কিছুটা শুষ্ক হতে পারে। এরপর মঙ্গলবার ও বুধবার আবারও খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ‘‘শীতের শুরু হলেও মৌসুমি লঘুচাপের প্রভাবে বৃষ্টির ধারা কিছুটা দীর্ঘায়িত হচ্ছে। তবে পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।’’

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন