বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’

ডেস্ক রিপোর্ট।।

অক্টোবর মাসের ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে বাংলাদেশে আয়োজন করা হলো দেশের সবচেয়ে বড় সচেতনতামূলক উদ্যোগ ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের নেতৃত্বে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৫৩টি স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে এই উদ্যোগ বাস্তবায়ন করেছে।

শোভাযাত্রাটি শুরু হয় ৩০ অক্টোবর সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। এলেঙ্গা (টাঙ্গাইল)-সিরাজগঞ্জ বাইপাস-বগুড়া-নওগাঁ-তানোর হয়ে রাজশাহী পর্যন্ত এটি রওনা হয়। পথে স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন এবং লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

রাজশাহীতে সিঅ্যান্ডবি মোড়ে (শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ) নারী সংগঠন, রোটারি ক্লাব, ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরদিন ৩১ অক্টোবর, রাজশাহীর জিরো পয়েন্ট থেকে শুরু করে নাটোর-সিরাজগঞ্জ-বুয়াপুর-গোপালপুর হয়ে জামালপুরের সরিষাবাড়ী পর্যন্ত শোভাযাত্রাটি চলেছিল। পথে প্রায় অর্ধ লক্ষ লিফলেট বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন,

“স্তন ক্যান্সার আগে মৃত্যুব্যাধি ছিল, কিন্তু এখন পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সচেতনতা এবং প্রাথমিক পরীক্ষা এই রোগ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার।”

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন) বলেন,

“দেশে প্রতি বছর প্রায় ৭ হাজার নারী স্তন ক্যান্সারে মারা যান এবং ১৩ হাজার আক্রান্ত হন। সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের অভাবে রোগ দেরিতে ধরা পড়ে।”

তিনি আরও জানান, দেশের প্রায় ৫শ’ সরকারি হাসপাতালে স্ক্রিনিংয়ের সুবিধা আছে এবং লজ্জা বা ভয় নয়, সচেতনতার মাধ্যমেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

প্রতিকূল আবহাওয়ার কারণে খুলনা বিভাগে শোভাযাত্রা স্থগিত করা হয়েছে; নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন