আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃঢ় রাখতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মাঠে নামছে ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য।
শনিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা এর সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানরা নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নির্বাচনী দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন,
“আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
তিনি নির্বাচনী সময়ে প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রশংসা করেন এবং তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন যেন নিরাপত্তা ব্যবস্থা থাকে “নিশ্ছিদ্র ও কার্যকর।”
গত ১৫ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পরিশ্রম ও ভূমিকার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
এছাড়া, বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।

