বিশ্বখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন,
“ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।”
তিনি আরও বলেন,
“আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”
সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গেছে, ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসতে পারেন। সফরকালে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
অন্যদিকে, তার এই সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিক্রিয়া জানিয়েছে। ৩০ অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন,
“জাকির নায়েক একজন পলাতক আসামি এবং তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।”
ডা. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভারতে তার বিরুদ্ধে অর্থপাচার ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে মামলা রয়েছে।

