রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা সোমবার কলেজ ক্যাম্পাসে ভর্তি লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন।
বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। শিক্ষার্থীরা হাতে ‘লটারি না, মেধা মেধা’, ‘স্টুডেন্ট ডিজার্ভস ফেয়ার এডমিশন’ এবং ‘লেটস ম্যারিট, নট লটারি’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।
নাজনীন আখতার নামে এক শিক্ষার্থী বলেন,
“লটারিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসে নানাভাবে কটাক্ষ করা হয়। অনেক শিক্ষার্থী প্রাইভেট বা কোচিং করতে বাধ্য হয়। ভর্তি পরীক্ষা চালু হলে এই সমস্যা থাকবে না।”
অভিভাবকরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন। ইমদাদুল হক বলেন,
“আমরা চাই, মেধার ভিত্তিতে রাজউকে ভর্তি হওয়ার সুযোগ থাকুক। লটারি পদ্ধতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
২০২০ সালে প্রথমে প্রাথমিক পর্যায়ে চালু হওয়া লটারি পদ্ধতি বর্তমানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিস্তৃত হয়েছে। তবে ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভায় লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জাগো নিউজকে জানান,
“শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। চিঠি হাতে পেলে আমরা কার্যক্রম শুরু করবো। আপাতত এর বাইরে কোনো সিদ্ধান্ত বা তথ্য আমার জানা নেই।”

