দুইবার ফাইনাল খেলেও এখনও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি ভারতীয় নারী দলের। আজ (রোববার) মুম্বাইয়ে তাদের সামনে আবারও সেই সুযোগ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা একইভাবে প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।
তবে ফাইনালের রোমাঞ্চে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা বিলম্বের পর বিকাল ৪টা ২৫ মিনিটে বৃষ্টি থেমেছে, তবে মাঠ প্রস্তুতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।
আজকের ম্যাচের জন্য আয়োজকরা অতিরিক্ত দুই ঘণ্টা সময় রেখেছেন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু করা গেলে ওভার কমবে না। তবে রাত ৯টা ৩৮ মিনিটের মধ্যেও খেলা শুরু না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে।
ইতিহাস বলছে, নারী ওয়ানডে ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে ৩৪ বার—এর মধ্যে ২০টিতে জিতেছে ভারত, ১৩টিতে দক্ষিণ আফ্রিকা, আর এক ম্যাচে ফল হয়নি।
আজকের ফাইনাল তাই শুধুই ট্রফির লড়াই নয়; এটি এক নতুন ইতিহাস গড়ার সুযোগ। ভারতের জয় হলে নারী ক্রিকেটে আসতে পারে বড় পরিবর্তন—যেমনটা হয়েছিল ১৯৮৩ সালে কপিল দেবদের বিশ্বজয়ের পর।

