বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

ডেস্ক রিপোর্ট।।

সুদানে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) দারফুর অঞ্চলে ভয়াবহ নৃশংসতা চালিয়েছে বলে জানা গেছে। এল-ফাশার শহর দখলের পর একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশ পাচ্ছে, যা বর্ণনা করছেন বেঁচে আসা সাধারণ মানুষ।

বিবিসি ও স্থানীয় সূত্র জানায়, আরএসএফের যোদ্ধারা অসংখ্য শিশু ও তরুণকে পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে বা গুম করেছে। অনেক পরিবার এখনো জানে না তাদের সন্তান জীবিত না মৃত।

জাহরা নামের এক নারী জানান, আরএসএফ তার ১৬ ও ২০ বছর বয়সী দুই ছেলেকে গারনি শহরের কাছে আটক করে নিয়ে যায়। তিনি বলেন,

“আমি শুধু আমার ছেলেদের ফেরত চাই। তারা আমার ২০ বছর বয়সী ছেলেকে আর ফিরিয়ে দেয়নি।”

আরেক প্রত্যক্ষদর্শী অ্যাডাম বলেন, তার সামনেই তার দুই ছেলে—১৭ ও ২১ বছর বয়সী—কে পিটিয়ে হত্যা করে আরএসএফ সদস্যরা।

“তারা বলেছিল, আমার ছেলেরা সেনাবাহিনীর হয়ে লড়াই করেছে। আমি কিছুই করতে পারিনি,”— বলেন তিনি।

গত সপ্তাহে সেনাবাহিনীর কাছ থেকে এল-ফাশার শহর দখল করে নেয় আরএসএফ। এরপর থেকে শহরজুড়ে চলছে হত্যা, লুটপাট ও নিপীড়ন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে।

দখলের আগে এল-ফাশারে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ বসবাস করতেন। জাতিসংঘ সতর্ক করেছে—এই সহিংসতা দারফুর অঞ্চলে নতুন করে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন