সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তামিমকে নিজেদের দলে চায় বরিশালের ‘নতুন ফ্র্যাঞ্চাইজি’

ডেস্ক রিপোর্ট।।

বিপিএলের সাম্প্রতিক দুই আসরে মাঠে ও মাঠের বাইরে দাপট দেখিয়েছে ফরচুন বরিশাল। জাতীয় দলের তারকা ক্রিকেটার থেকে শুরু করে বিশ্বমানের বিদেশি খেলোয়াড়—সব মিলিয়ে দলটি হয়ে উঠেছিল অন্যতম আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি। তবে আসন্ন বিপিএলে আর দেখা যাবে না ফরচুন বরিশালকে।

তাদের জায়গায় এবার মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাবাড়ি হলিডেজ। প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার কামাল তালুকদার জানিয়েছেন, মালিকানা পেলে তারকা ওপেনার তামিম ইকবালকে দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

“তামিম ভাই বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। আমরা অবশ্যই তাঁকে নক করব। যদি উনি খেলার জন্য রাজি হন, আমরা যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা করব,” বলেন কামাল তালুকদার।

ফরচুন বরিশালের হয়ে গত দুই আসরেই নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ২০২৩ বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্টসেরা হয়েছেন তিনি, আর পরের আসরেও ৪১৩ রান করে দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন এই সাবেক জাতীয় ওপেনার।

আকাবাড়ি হলিডেজ জানিয়েছে, দল পেলে তারা তারকাবহুল স্কোয়াড ও চমকপ্রদ কোচিং প্যানেল গঠনের পরিকল্পনা করছে। কামাল তালুকদার বলেন,

“যদি আমরা দলটা পাই, ইনশাআল্লাহ বড় চমক দেখবেন। দেশি ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী দল তৈরি করব। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে নামিদামি ক্রিকেটার আনার পরিকল্পনাও আছে আমাদের।”

নতুন মালিকানা পেলে বরিশালের দলটি আবারও বিপিএলের অন্যতম আলোচ্য দলে পরিণত হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন