আগামী ৮ নভেম্বর (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল–২০২৫।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে কাউন্সিল অধিবেশন শুরু হবে। এতে দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সদস্যরা অংশ নেবেন।
কাউন্সিলে আগামী বছরের নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, নীতি নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ইসলামি ছাত্র সমাজের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সংগঠনের ভূমিকা সম্পর্কেও প্রস্তাব গৃহীত হবে বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
এছাড়া সাবেক নেতৃবৃন্দ, ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গও অংশ নেবেন। তাঁরা তরুণ প্রজন্মের চরিত্রগঠন, আদর্শচর্চা ও নৈতিক শিক্ষার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখবেন।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুফতি শামসুল আলম মোহেব্বী বলেন,
“ইলমে শরীয়ত ও মারেফতের সমন্বয়ে একজন ছাত্রকে নববী আদর্শে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই কাউন্সিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আদর্শ ও দায়িত্ব হস্তান্তরের মঞ্চ হিসেবে কাজ করবে।”
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ অরাজনৈতিক সংগঠন হিসেবে শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণ সমাজে ইসলামি মূল্যবোধের চর্চা ও বিস্তারে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচি পরিচালনা করে আসছে।

