বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আবারও স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ বছরও তালিকার শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন।
জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) এই তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে সংস্থাটি প্রতিবছর ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে এ তালিকা প্রকাশ করে আসছে।
বিশ্বজুড়ে রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মুসলিম ব্যক্তিত্বদের প্রভাব ও ভূমিকার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়।
এ বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। এরপর আছেন পাকিস্তানের মুফতি শেখ মুহাম্মদ তাকি উসমানি (২য়) ও ইয়েমেনের সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ (৩য়)।
শীর্ষ দশে আরও রয়েছেন—
৪. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি
৫. জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন
৬. আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব
৭. তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
৮. সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ
৯. সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান
১০. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ড. ইউনূস ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। ১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করা এই অর্থনীতিবিদ ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
প্রসঙ্গত, গত বছরও ড. মুহাম্মদ ইউনূস এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছিলেন।

