আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী তালিকা চূড়ান্তের প্রক্রিয়ায় শেষ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির বৈঠকে যাচাই-বাছাই শেষে আজই প্রথম দফার তালিকা ঘোষণা হতে পারে।
দলীয় সূত্র জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থী তালিকা ও জোটগত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
সূত্রের বরাতে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠক শেষে আজই প্রথম ধাপের দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল সাড়ে তিনটার দিকে গুলশান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, রোববার (২ নভেম্বর) দলের এক সভায় তারেক রহমান বলেন,
“জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। দেশের ৩০০ আসনে বিএনপি দলীয় বা বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।”
বিএনপি সূত্র জানায়, প্রার্থী চূড়ান্তের পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রচারণা কৌশল ও মাঠপর্যায়ের তৃণমূল কাঠামো সক্রিয় করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

