আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি জনগণের আস্থার প্রতীক হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। ২৩৭টি আসনে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। বাকি আসনগুলোতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।”
এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী চূড়ান্ত ও নির্বাচনী কৌশল নির্ধারণ করা হয়।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

