আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার ২০ আসনের মধ্যে ১৪ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইশরাক হোসেন এবং ঢাকা-৮ আসনে যাচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর অন্যান্য আসনে প্রার্থীরা হলেন—ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নিরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক, ঢাকা-১৯ ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং ঢাকা-২০ আসনে মঞ্জুরুল করিম রনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বিএনপি এবার সারা দেশে মোট ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকি আসনগুলোতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করা হবে।
এ সময় তিনি বলেন, “এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। দেশের জনগণ পরিবর্তনের পক্ষে, আমরা তাদের আশা পূরণে মাঠে নামছি।”
ঘোষণা অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

