বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মনোনয়ন না পাওয়ায় এম এ হান্নানের সমর্থকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট।।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়।

সকাল ১০টা থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তারা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এম এ হান্নানের পক্ষে স্লোগান দিতে থাকেন এবং দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।

অবরোধ চলাকালে পুলিশের উপস্থিতি থাকলেও কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের পাশে থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। এমন ত্যাগী নেতাকে উপেক্ষা করে মনোনয়ন না দেওয়া ‘দলের প্রতি অবমূল্যায়ন’ বলে মন্তব্য করেন তারা।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে এম এ হান্নানকে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলনে নামবে ফরিদগঞ্জ বিএনপি। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।”

উল্লেখ্য, চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন