রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

চার শর্তে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

ডেস্ক রিপোর্ট।।

স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট চারটি শর্ত পূরণের পর ধাপে ধাপে এসব মাদ্রাসাকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চার দফা শর্ত

১️. নীতিমালা পূরণ: প্রথম পর্যায়ে ২০১৮ সালের ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো ও বেতন-ভাতাদি সংক্রান্ত নীতিমালা’-এর সব শর্ত পূরণ করেছে এমন মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করতে হবে। তবে জেলা প্রশাসকের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ বাধ্যতামূলক।

২️. ধাপে ধাপে অন্তর্ভুক্তি: দ্বিতীয় পর্যায়ে বাকি মাদ্রাসাগুলোও একই নীতিমালা অনুযায়ী শর্তপূরণ সাপেক্ষে ক্রমান্বয়ে এমপিওভুক্ত করা হবে।

৩️.অর্থ বিভাগের অনুমোদন: এমপিওভুক্ত মাদ্রাসা ও শিক্ষকদের সংখ্যা চূড়ান্ত করার আগে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে।

৪️.অনুদান বাতিল: এমপিওভুক্তির পর সংশ্লিষ্ট মাদ্রাসার অনুদানভুক্তি বাতিল করতে হবে।

এর আগে রোববার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছিল। তবে সোমবারও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান শিক্ষকরা। দুপুরে যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে তারা পুলিশি বাধার মুখে পড়েন। পরে শিক্ষক প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনায় অংশ নেয়।

সরকারের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অনুদানবিহীন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। তারা বলেছেন, “সব স্বীকৃত মাদ্রাসাকে একযোগে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে।”

গত ১২ অক্টোবর থেকে জাতীয়করণের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ৩০ অক্টোবর পর্যন্ত গেজেট প্রকাশ না হলে ২ নভেম্বর প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন