বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা, আমীর খসরুর তীব্র নিন্দা

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম–৮) আসনে দলীয় প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, “গণসংযোগকালে প্রার্থীর ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা একটি ভয়াবহ বার্তা বহন করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

আমীর খসরু মনে করেন, এ হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি বলেন, “দেশে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে যারা এ ধরনের হামলায় জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।”

জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের চাইল্লাতলী এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। সে সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। হামলায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হন এবং সরওয়ার বাবলা নামে এক ব্যক্তি নিহত হন।

ঘটনার পর স্থানীয় নেতাকর্মীরা আহত এরশাদ উল্লাহকে দ্রুত উদ্ধার করে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

বিএনপি নেতারা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন