বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: গাজী আতাউর

ডেস্ক রিপোর্ট।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে অতি দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। তার ভাষ্য, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে না এবং দুইটার তফসিলও আলাদা হবে।

গাজী আতাউর রহমান বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশে এ মন্তব্য করেন। এর আগে, আন্দোলনরত ৮ দল প্রধান উপদেষ্টার বরাবর ৫ দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, দুই মাস পরে করতেই পারি। কিন্তু গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না। রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনকে বৈধতা দেওয়া যাবে না। রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের তরুণ ছাত্র-জনতা জীবন দিয়েছে।”

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না এবং সুষ্ঠু ধারার রাজনীতি চায় না। তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানের পর দেশকে আগের পরিস্থিতিতে ফেরানো যাবে না। তাই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং তফসিলের আগে গণভোট আয়োজন করতে হবে।

গাজী আতাউর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ১০ নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি না হলে আমরা ঢাকায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আয়োজন করবো।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের,সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন