ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী কুমারপুর উচ্চবিদ্যালয়ে একই সময়ে ১১ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে প্রাত্যহিক অ্যাসেম্বলি শেষে ক্লাসে যাওয়ার পর এক ছাত্রী শ্বাসকষ্ট অনুভব করলে কিছুক্ষণ পর আরও কয়েকজন একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
অসুস্থ শিক্ষার্থীরা হলো— মিম (১১), লামিয়া (১২), মুসকান (১২), দৃষ্টি (১১), সুমাইয়া (১৩) ও পূজা রাণী। তারা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং সদর উপজেলার ভুল্লী বালিয়া ইউনিয়ন ও কুমারপুর গ্রামের বাসিন্দা।
অসুস্থ শিক্ষার্থীদের একাধিকজন জানান, সকালে তারা স্কুলের টিউবওয়েল থেকে পানি পান করার পর মাথা ঘোরা, বমি ও পেটব্যথা অনুভব করেন। কেউ কেউ দাবি করেন, অ্যাসেম্বলির পর তারা একই ধরনের বিস্কুট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন,
“প্রথমে একজন অসুস্থ হওয়ায় আমরা ভেবেছিলাম অ্যালার্জির সমস্যা। পরে একে একে ১১ জন অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়।”
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জানান,
“ছাত্রীদের মধ্যে শ্বাসকষ্টের উপসর্গ ছিল। তারা জানিয়েছে, অ্যাসেম্বলি শেষে একই বিস্কুট খাওয়ার পরই অসুস্থ হয়েছে।”
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম বলেন,
“ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত মুখে কোনো খাবার দেওয়া বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন,
“ঘটনাটি পুরোপুরি অপ্রত্যাশিত। সকালের সব কার্যক্রম স্বাভাবিক ছিল। হঠাৎ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।”
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিক্ষার্থীরা কী খেয়ে অসুস্থ হয়েছে তা তদন্ত করা হচ্ছে।”

