রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইউক্রেনে বিপদে অ্যাঞ্জেলিনা জোলি: সফরের সময় ড্রাইভার আটক

ডেস্ক রিপোর্ট।।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করে আলোচনায় এসেছেন হলিউড তারকা ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে এটি ছিল তার দ্বিতীয় ইউক্রেন সফর, তবে এবারের সফরে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জোলি এবার সফর করেছেন দক্ষিণ ইউক্রেনের সম্মুখসারির শহর খেরসনসহ যুদ্ধক্ষেত্রের কাছাকাছি বিভিন্ন এলাকায়। সফরের সময় তিনি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড ও জরুরি সেবাকেন্দ্র পরিদর্শন করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা জোলি শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কথা বলছেন আহতদের সঙ্গেও।

তবে সফরের মাঝেই ঘটে বিপত্তি। আন্তর্জাতিক গণমাধ্যম ‘পলিটিকো’ জানিয়েছে, জোলির দলের একজন সদস্য—যিনি তার ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করছিলেন—একটি ইউক্রেনীয় চেকপোস্টে আটক হন।

স্থানীয় সেনারা তাকে ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেন। পরে বিষয়টি আলোচনার জন্ম দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জোলির এ সফর ইউক্রেন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সমন্বয় ছাড়াই সম্পন্ন হয় এবং তিনি হেঁটে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেন।

পরে ইউক্রেনের আর্মি ল্যান্ড ফোর্সেস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিষয়ে একটি বিবৃতি দেয়, তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে নেয়। তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত বা অস্বীকার—দুটোই করেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন