বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি ‘কোনো ফল দিবে না’: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা না করার আহ্বান জানিয়ে জাতিসংঘে যে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ, তাতে কোনো কার্যকর ফলাফল হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, “জাতিসংঘে পাঠানো চিঠি দিয়ে কোনো ফলাফল আশা করা যায় না।”

গত শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর একটি চিঠি পাঠান। চিঠিতে আওয়ামী লীগ জাতিসংঘ ও ইউএনডিপিকে অনুরোধ করেছে, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখার জন্য। এছাড়া চিঠিতে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা এবং মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

দলটি জানিয়েছে, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রকল্প ও আসন্ন নির্বাচনের প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। আওয়ামী লীগের মতে, এ ধরনের সহযোগিতা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন