সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অবশেষে সমাধানের পথে এশিয়া কাপ ট্রফি ইস্যু

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও পারস্পরিক বিরোধের পর অবশেষে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই ও পিসিবি) সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এশিয়া কাপ ট্রফি বিতর্ক মীমাংসায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উদ্যোগে দু’পক্ষের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, আলোচনার উদ্যোগ নেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। আইসিসির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি ওঠে আসার পর আইসিসির তত্ত্বাবধানে সাইকিয়া ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির মধ্যে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।

সাইকিয়া ক্রিকবাজকে জানান,

“আইসিসির কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা একটি আলাদা বৈঠকে বসেছিলাম। এটি ছিল আলোচনা পুনরায় শুরু করার গঠনমূলক পদক্ষেপ। পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক।”

সূত্র জানিয়েছে, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং সিইও সঞ্জোগ গুপ্ত এ বৈঠকের আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পিসিবি ও বিসিসিআই—দু’পক্ষই আশাবাদী, এশিয়া কাপ ট্রফি ইস্যুটি এবার শান্তিপূর্ণভাবে সমাধান হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে। তবে পেহেলগাম হামলার প্রতিবাদ জানিয়ে ভারতীয় দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায়, যা দুই বোর্ডের সম্পর্ককে আরও জটিল করে তোলে।

সাম্প্রতিক বৈঠকের পর ধারণা করা হচ্ছে, শিগগিরই এশিয়া কাপের ট্রফিটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের হাতে তুলে দেওয়া হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন