নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানকে অনশন ভেঙে আইনগত পথে পুনর্বিবেচনার আবেদন করার আহ্বান জানিয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
আখতার আহমেদ বলেন, ‘কমিশনের দরজা সবার জন্য খোলা। কেউ যদি কোনো বিষয়ে আপত্তি বা দাবি জানাতে চান, তা লিখিতভাবে জমা দিতে পারেন।’
তিনি আরও বলেন, কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে। এখন চাইলে সংশ্লিষ্ট পক্ষ আইনানুগ প্রক্রিয়ায় আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন।
‘আপিল, সংশোধনী বা সময় বর্ধন—এগুলো প্রশাসনিকভাবে প্রচলিত প্রথা,’ যোগ করেন তিনি।
সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, তারেক রহমান ও তাঁর দল অনশন বন্ধ করে বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিয়ে আসবেন।
‘আমরা চাই, তারা অনশন ভেঙে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পথে এগিয়ে আসুন,’ বলেন তিনি।
আপিলের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আপিল করা যাবে কমিশন বা সচিবালয়ে। কারণ, সব চিঠিপত্র সচিবালয় থেকেই ইস্যু করা হয়। সুতরাং সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন জমা দিতে পারেন।’

