রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য ‘শান্তি চুক্তি’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে দুই শতাধিক শিক্ষার্থী এবং উভয় কলেজের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অডিটরিয়ামে প্রবেশ করলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। শিক্ষার্থীরা হাতে গোলাপ ফুল তুলে বরণ করে নেয় এবং ‘ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ ভাই ভাই, মোদের মধ্যে বিভেদ নাই’ এবং ‘আমরা আমরা ভাই ভাই’ মতো স্লোগান দিয়ে পুরো অডিটরিয়ামকে প্রাণবন্ত করে তুলেন।
উভয় কলেজের শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার এবং আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোবাচ্ছের হোসেন।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক উপস্থিত থেকে এই উদ্যোগে সমর্থন জানান। তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে তিন কলেজের শিক্ষার্থীদের শান্তি চুক্তিতে আহ্বান জানানো হয়েছিল। আইডিয়াল কলেজ অংশগ্রহণ করলেও সিটি কলেজ এ অনুষ্ঠানটি উদযাপনে উপস্থিত হয়নি।”
এই উদ্যোগকে দুই কলেজের শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং আশা করা যাচ্ছে, এটি শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও শান্তিপূর্ণ সহাবস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

