আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবল জাদুকর জানিয়েছেন, তিনি এখনো স্বপ্ন দেখেন ২০২৬ সালের বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার। যদিও বয়স ও ফিটনেস নিয়ে শঙ্কা রয়েই গেছে, তবু মেসির মন এখনো মাঠে, নীল-সাদা জার্সিতে।
এই ইচ্ছার ইঙ্গিত এবার মেসি দিয়েছেন এক চমকপ্রদ উপায়ে— আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনের মাধ্যমে।
বিজ্ঞাপনটিতে দেখা যায়, মেসি তাস খেলছেন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া, সংগীতশিল্পী বিজারর্যাপ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে। হঠাৎ তাসে ‘চার’ উঠতেই মেসি বলেন, “আমি তো এটাই চাই।”
এই সংলাপকে ভক্তরা দেখছেন মেসির ‘চতুর্থ বিশ্বকাপ জয়ের’ ইঙ্গিত হিসেবে। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে আর্জেন্টিনার হয়ে আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন এখনো লালন করছেন এই আর্জেন্টাইন মেগাস্টার।
আসছে বছর বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর— ২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনা উন্মোচন করেছে তাদের নতুন জার্সি।
বিশ্বচ্যাম্পিয়ন দলের নতুন পোশাকটি তৈরি করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এর ডিজাইনে অংশ নিয়েছেন এক ব্রাজিলিয়ান শিল্পী— সার্জিও মারেকো।
এই জার্সিতে ব্যবহৃত হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী আসরের (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২) তিনটি ভিন্ন ভিন্ন নীল রঙের শেড। সাধারণত আর্জেন্টিনার জার্সিতে এক ধরনের নীল থাকে, কিন্তু এবার প্রতিটি ডোরায় তিনটি আলাদা শেড ব্যবহার করা হয়েছে, যা প্রতীকীভাবে ফুটিয়ে তুলেছে আর্জেন্টিনার তিনটি বিশ্বজয়ের ইতিহাস।
বয়স ৩৮ ছুঁইছুঁই হলেও মেসি এখনো আন্তর্জাতিক ফুটবলে প্রতিযোগিতামূলক। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স এবং অনুপ্রেরণামূলক বার্তাগুলো ফুটবলপ্রেমীদের মনে আশা জাগিয়েছে— হয়তো ২০২৬ বিশ্বকাপে আবার দেখা যাবে তাঁকে, নীল-সাদা জার্সিতে, স্বপ্নের চতুর্থ তারা জয়ের মিশনে।

