আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মসূচি ঘিরে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সংবেদনশীল এলাকা ও সরকারি স্থাপনায় অতিরিক্ত চেকপোস্ট বসানোর প্রস্তাব দেওয়া হয়, যা পরে গৃহীত হয়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েক দিন রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্যদের টহল বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে সেনাবাহিনীর উপস্থিতি নিয়েও আলোচনা হয়। বৈঠকের একটি সূত্র জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তাদের মাঠ থেকে না সরিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়।
বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের দুই নেতার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, এই নেতারা বিদেশে অবস্থান করলেও তাদের মাধ্যমে কোনো ধরনের উসকানিমূলক কার্যক্রম পরিচালিত হতে পারে— এমন আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকটি মূলত মঙ্গলবার হওয়ার কথা ছিল। তবে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি বিবেচনায় বৈঠকটি দুই দিন এগিয়ে আনা হয়।

