বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঢাকায় প্রকাশ্যে হাসপাতালের সামনে গুলিতে এক ব্যক্তি নিহত

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর সূত্রাপুর এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৫০-৫৫ বছর।

নিহতের খালাতো ভাই মো. হাফিজ মৃত্যুর পর নিশ্চিত করেন, মৃত ব্যক্তির নাম তারিক সাঈদ মামুন। তিনি একজন সাধারণ নাগরিক এবং কোনও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে হাসপাতালের সামনের রাস্তায় গুলির শব্দ শুনে তিনি গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নিহতের পরিবার জানায়, তারা জানে না কে বা কেন তারিক সাঈদ মামুনকে হত্যা করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন