জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নৌকা প্রতীকের ভোট পাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এই দুই দলের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের কাজ প্রায় থমকে গেছে।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনায় তুষার বলেন, “জামায়াত আঙুল বাঁকা-সোজা করার কথা বলছে, আর বিএনপি রাস্তায় নামার হুমকি দিচ্ছে। তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছুতেই মূল্যায়ন করে না।”
তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি কমিশনের সঙ্গে একমত হয়ে জুলাই সনদ ও গণভোটের পক্ষ নিতে অস্বীকার করছে। তারা জনগণকে গণভোট বোঝে না বলে দাবি করছে, অথচ নিজেদের জন্মই গণভোটের মধ্য দিয়ে হয়েছে। ৩১ দফা তাদের নিজেদেরই মানা উচিত।”
তুষার অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে সাপ-লুডু খেলায় ব্যস্ত এবং জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “নিরপেক্ষতার নাম করে সরকার এখন নিষ্ক্রিয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই সনদ আইনিভিত্তিকভাবে বাস্তবায়ন জরুরি। প্রায় ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। জনগণ এই পরিস্থিতিতে ভোটে আস্থা রাখতে পারছে না।”
নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু করতে ব্যর্থতার জন্য তুষার এই দুই দলকে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “নৌকা প্রতীকের ভোট পাওয়ার জন্য বিএনপি ও জামায়াত বেলাল্লাপনা করছে এবং শীর্ষ সন্ত্রাসীদের ওপর ভরসা করছে। জনগণের স্বার্থ তারা বিবেচনা করছে না।”

