গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি ‘চুপচাপ’ থাকার আহ্বান জানিয়েছেন। তার দাবি, দলীয় নির্দেশে ‘উৎপাত’ বা ‘ঝটিকা মিছিল’ করলে বিপদের মুখে পড়তে পারেন তারা।
সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুর এই মন্তব্য করেন।
স্ট্যাটাসে নুর লেখেন,
“দেশে থাকা লীগের ভাইদের বলবো—বিদেশে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না, জেলে গেলে কলা-রুটিও দেবে না।”
তিনি আরও লিখেন,
“কি দরকার মুখোশ পরে ঝটিকা মিছিল করার? ধরা পড়লে পাবলিকের হাতে মাইর ছাড়া কিছু পাবেন না। চুপচাপ থাকলে ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।”
নুরের দাবি, আওয়ামী লীগ এখন “রাজনৈতিকভাবে মৃত”, এবং “দেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না।” তিনি আরও লেখেন,
“৭৫-এ শেখ মুজিবের পর ২৪-এ তার মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। এখন এর বিচারিক দাফন-কাফন সম্পন্ন হবে।”
স্ট্যাটাসের শেষাংশে নুরুল হক নুর লেখেন,
“মরা লাশের পেছনে ছুটে লাভ নেই। নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন। যেখানে ফ্যাসিবাদ থাকবে না, থাকবে গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে।
এ উপলক্ষে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ওই দিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় নির্দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এর আগে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি দিয়েছে দলটি। এই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুনে জুলহাস (৩৫) নামে একজন নিহত হন। এছাড়া ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

