বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ট্রেনের ইঞ্জিনে আগুন, দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনায় প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিস্কার স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে এবং ট্রেনটি থেমে যায়।

অগ্নিকাণ্ডের সময় ইঞ্জিন থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর বিকল্প ইঞ্জিন সংযুক্ত করতে ট্রেনটিকে পেছনের দিকে সরিয়ে শম্ভুগঞ্জ স্টেশনে নিয়ে আসে রেলওয়ের উদ্ধারকারী দল। সেখানে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করার পর দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি পুনরায় জারিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটে। রেলওয়ের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন