বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করার ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করতে মঙ্গলবার সকাল থেকে রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সকাল ১০টার পর থেকেই উত্তরা, বনানী, গুলশান, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। বিএনপির নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে মিছিল বের করেন— “নাশকতা নয়, শান্তির রাজনীতি চাই”—এই শ্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

বিএনপি নেতারা বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে আছেন। কেউ রাজনৈতিক অজুহাতে অগ্নিসংযোগ বা ধ্বংসাত্মক কার্যকলাপে জড়ালে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন,

“রাজনীতি মানে জনগণের পাশে থাকা, অরাজকতা সৃষ্টি করা নয়। আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের নামে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, আমরা তাদের প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে আছি।”

রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে স্থানীয় জনগণ ও পথচারীরাও অংশ নেন। পুলিশের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বিএনপি নেতারা জানান, আগামী দুই দিন রাজধানীসহ সারাদেশে একই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের দাবি—সব রাজনৈতিক দলকে সংযম ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন