চট্টগ্রামের রাউজানে দীর্ঘদিন পলাতক থাকা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইকবাল হোসেন চৌধুরী ওরফে ‘মেজর ইকবাল’কে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। খুন, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলার আসামি তিনি।
সোমবার (১০ নভেম্বর) রাতে রাউজান থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।
গ্রেফতার ইকবাল রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছ ওরফে কালু মেম্বারের ছেলে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,
“ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। নথিপত্র পর্যালোচনায় তার বিরুদ্ধে ১১টি মামলা পাওয়া গেলেও স্বীকারোক্তিতে তিনি জানিয়েছেন রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থানায় তার নামে ৪০টিরও বেশি মামলা রয়েছে।”
তিনি আরও বলেন, গ্রেফতার ইকবাল শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলারও আসামি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছেন ওসি মনিরুল।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে “মেজর ইকবাল” নামে পরিচিত এই আসামি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের মাধ্যমে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছিলেন।

