রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতার চেষ্টা করছে, তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে। রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি তাদের নেপথ্যে যারা আছে, তাদেরও আমরা গ্রেফতার করছি।”
ডিবি প্রধান আরও জানান, আজকের মধ্যে রাজধানী থেকে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সতর্ক করেন, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উসকানি ও বিভ্রান্তিকর নির্দেশনা দিচ্ছে, তাদের ওপরও ডিবি চোখ রাখছে। “অনেকে সাধারণ মানুষকে ব্যবহার করে ভুল তথ্য ছড়াচ্ছে। উদাহরণস্বরূপ, একজন রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। আমরা এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করছি।”
শফিকুল ইসলাম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গুজবে কান দেবেন না। আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।”

