রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম চাঁদপুরের হুমায়রা

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াতের অঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের কৃতি হাফেজা হুমায়রা মাসুদ। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় নারীদের বিভাগে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।

ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামী কায়রোর ঐতিহ্যবাহী এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে এক সরল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার মসজিদের বিশিষ্ট ইমাম ও ক্বারী শায়খ ফাওযী আল-বারবারী আজহারী, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নারী বিভাগের প্রথম স্থান অর্জন করেন হুমায়রা মাসুদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা এবং কায়রানি নফসুল মুতমাইন্না। পুরুষদের বিভাগে প্রথম হন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম।

হুমায়রা মাসুদের এটি আন্তর্জাতিক পর্যায়ে প্রথম সাফল্য নয়। তিনি ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। এছাড়া ২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের প্রতিযোগীর মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান লাভ করেন।

স্ত্রীর এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী বলেন,

“এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। হুমায়রার এই বিজয় শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের ঐতিহ্য এবং কোরআনপ্রেমী জাতি হিসেবে আমাদের অবস্থানকে বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করেছে।”

চাঁদপুরের সন্তান হাফেজা হুমায়রা মাসুদ নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। বর্তমানে তিনি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন