বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঢাকায় ১২ দিনে ১৯ স্থানে ৩৬ ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট।।

রাজধানী ঢাকায় আবারও বাড়ছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। চলতি নভেম্বরের প্রথম ১২ দিনে শহরের ১৯টি স্থানে মোট ৩৬টি ককটেল বিস্ফোরিত হয়েছে। একই সময়ে কমপক্ষে ৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে অক্টোবর মাসে অন্তত ১০টি স্থানে এ ধরনের বিস্ফোরণ ঘটেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেল ব্যবহার করে দুর্বৃত্তরা এসব হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত সাড়ে ১১টার দিকে মৌচাক ফরচুন মার্কেটের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার রাতে গুলিস্তান, হাতিরঝিল, কারওয়ান বাজার ও মোহাম্মদপুরসহ একাধিক স্থানে একই ধরনের বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটে। গুলিস্তানের জিরো পয়েন্টে রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। প্রায় একই সময়ে হাতিরঝিলের রেইনবো ক্রসিং ও কারওয়ান বাজারের মাছের আড়তের সামনে বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর রাতে ফার্মগেট এলাকায় মোটরসাইকেল থেকে ককটেল ছোড়ার সময় জনতা দুজনকে ধরে ফেলে। তারা হলেন আবদুল হাকিম, নিষিদ্ধ ছাত্রলীগের নীলফামারীর কচুকাটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, এবং শাওন মোল্লা, তেজগাঁও এলাকার স্বেচ্ছাসেবক লীগ কর্মী।
তাদের কাছ থেকে বোমা তৈরির উপকরণ, খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করা হয়। পরে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন,

“রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসব নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ডিএমপি তৎপর রয়েছে।”

অক্টোবর মাসেও ঢাকায় অন্তত ১০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। বিশ্লেষকরা বলছেন, নভেম্বরের শুরু থেকেই এ ধরনের ঘটনা বেড়ে যাওয়া রাজনৈতিক উত্তেজনা ও নাশকতার ইঙ্গিত দিচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন