কুষ্টিয়ায় ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) এবং পশ্চিম চুনিয়াপাড়ার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)। দুজনই স্থানীয় এইচ অ্যান্ড এস গ্লাস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কারখানায় যাওয়ার পথে শ্রমিকবাহী ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে ভ্যানে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিউটি বেগমকে মৃত ঘোষণা করেন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লতিফা বেগমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার সকালে তিনি সেখানে মারা যান।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘাতক মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

