মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ক্ষমতাচ্যুতির এক বছর পর ভিন্ন সুরে শেখ হাসিনা: যুক্তরাষ্ট্রকে আর দায়ী করছেন না

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা গত বছর জুলাই মাসে বাংলাদেশের গণ-অভ্যুত্থান এবং সরকার পতনের ঘটনার পেছনে কোনো বিদেশি শক্তির সরাসরি ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও তার দলের নেতারা এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির ওপর অভিযোগ তুলেছিলেন। তবে শুক্রবার (১৪ নভেম্বর) সিএনএন-নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা তার অবস্থান পরিবর্তন করে বলেন, ‘‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘকাল ধরে ভালো এবং স্থিতিশীল। তাই বিদেশি শক্তির ভূমিকা বিশ্বাসযোগ্য নয়।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘আমার বিশ্বাস, প্রাক্তন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন, যা অনেকেই ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন।’’

গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিলেন, যা পরে সহিংসতায় রূপ নেয়। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ও সশস্ত্র ক্যাডারদের হামলায় আন্দোলনকারীরা রক্তাক্ত হন, এবং পরিস্থিতি দ্রুত সরকারের পতনের দাবি পর্যন্ত পৌঁছায়। সেই সময়, শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার (OHCHR) জানিয়েছে, ওই সময়ে এক হাজারেরও বেশি মানুষ নিহত হন, বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছিলেন। আন্তর্জাতিক তদন্তে হাসিনার বিরুদ্ধে কিছু গুরতর অভিযোগ উঠেছে, যার মধ্যে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং উল্লেখযোগ্য, যেখানে বলা হয়েছিল, তিনি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন।

এ ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তার দলের আরও কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, এবং মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে।

তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মানবতাবিরোধী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি একটি ‘ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন’।’’ হাসিনা দাবি করেছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি কখনও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি। তার মতে, যেকোনো দোষ প্রমাণের জন্য একটি রাজনৈতিক প্রভাবমুক্ত ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

বর্তমানে এই বিষয়টি দেশের রাজনৈতিক পরিসরে বড় ধরনের বিতর্কের সৃষ্টি করেছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আসন্ন। মামলার ফলাফল কী হবে, তা দেশব্যাপী চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যত এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে।

সূত্র: সিএনএন-নিউজ এইটিন, বিবিসি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন