বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিহার জয়ের পর এবার পশ্চিমবঙ্গ দখলের হুংকার মোদীর

ডেস্ক রিপোর্ট।।

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর এবার পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজয় উৎসবে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘বিহারের রায় পশ্চিমবঙ্গের পরিবর্তনের পথ তৈরি করে দিয়েছে।’

প্রধানমন্ত্রী দাবি করেন, বিহারের মানুষ ‘জঙ্গলরাজকে চিরতরে বিদায়’ জানিয়েছে এবং বিশ্বাসের জয়ের মাধ্যমে এনডিএ-কে সমর্থন করেছে। তার ভাষায়, ‘এই জয় বিহারের মা-বোনেদের জয়, যারা বছরের পর বছর জঙ্গলরাজ সহ্য করেছেন।’

মোদী জানান, বিহারের ফলাফল বিজেপির কর্মীদের নতুন অনুপ্রেরণা দিয়েছে এবং কেরালা, তামিলনাড়ু, পদুচেরি, আসাম ও পশ্চিমবঙ্গের রাজনীতিতেও নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গঙ্গা বিহার থেকে পশ্চিমবঙ্গে যায়—বিহারের জয়ে বাংলার পরিবর্তনের পথ খুলে গেছে। বাংলার ভাই-বোনদের আশ্বস্ত করছি, আপনাদের সঙ্গে নিয়ে আমরাও পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ উপড়ে ফেলব।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেন—‘বাংলা দখলের স্বপ্ন দেখে লাভ নেই। বিহার জয়ের উচ্ছ্বাসে যে মন্তব্য করেছেন, সেটা বাস্তবের সঙ্গে মেলে না। এটা ঠিক সেই কুঁজো যেমন চিত হয়ে শোওয়ার স্বপ্ন দেখে!’

শুক্রবার প্রকাশিত বিহার বিধানসভার ফলাফলে ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জয়ী হয়েছে ২০২টিতে। বিপরীতে আরজেডি-কংগ্রেস-বামের মহাজোট পেয়েছে মাত্র ৩৫টি আসন, যা এনডিএ-র বিপুল বিজয়কে আরও স্পষ্ট করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন