বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সময় সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ছিল। পরবর্তী সময়ে এটি সংবিধান থেকে সরিয়ে দেওয়া হলেও, বিএনপি ক্ষমতায় এলে পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।
শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত পরিষদের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, মুসলমানদের বিভক্তি ও দুর্বলতার কারণে ফিলিস্তিন, আরাকানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, যদি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা আমাদের হাতে আসে, জনগণ আমাদের দায়িত্ব দেন এবং সবাই সহযোগিতা করেন, তাহলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহালসহ অন্যান্য দাবিও জাতীয় সংসদে আলোচনা ও আইনগতভাবে বাস্তবায়ন করা হবে।”
বিএনপির এই নেতা মহাসমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, পীর, হজরত ও উলামায়ে কেরামের সহযোগিতা কামনা করেন এবং দেশের মানুষের সক্রিয় অংশগ্রহণে পদক্ষেপগুলো কার্যকর করার আশ্বাস দেন।

