মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে

ডেস্ক রিপোর্ট।।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে কঠোর বক্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। তিনি ঘোষণা দিয়েছেন— “হারাম এবং বাতিলের সঙ্গে কখনো আপস নেই”—এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দাবি করেছেন।

মাওলানা আব্দুল হামিদ জানান, বিএনপি ও জামায়াতের নেতাদের আগেই সতর্ক করা হয়েছে—ক্ষমতায় গিয়ে যদি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করা হয়, তবে তাদের বিরুদ্ধেই ‘যুদ্ধ ঘোষণা’ করা হবে।

তিনি বলেন,
“এই দেশ আলেম-ওলামা ও পীর-দরবেশের মাটি। যারা এখানে শয়তানি করছে, তাদের ভালো হয়ে ফিরে আসতে হবে। নইলে খুনি হাসিনার মতো পালাতে হবে।”

মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ দেশ-বিদেশের শীর্ষ আলেম ও ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঘোষণা দেন—প্রয়োজনে ঢাকা অবরোধ, সংসদ অভিমুখে লংমার্চ এবং সচিবালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচিতে যেতে তারা প্রস্তুত।

মহাসম্মেলন থেকে কাদিয়ানিদের ইসলামী পরিচয় বাতিল,তাদের সব বিতর্কিত কার্যক্রম নিষিদ্ধ,এবং ধর্মীয় সংবেদনশীলতা রক্ষায় ছয় দফা দাবি তুলে ধরা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ৩০ এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ,মে–জুনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান,জুলাই–নভেম্বর পর্যন্ত বিভাগীয় সম্মেলন—এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবি আদায় না হলে ২০২৬ সালের ডিসেম্বর মাসে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আহ্বানের কথাও জানানো হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন