বাংলাদেশ পুলিশ অবশেষে পরিধান করলো বহুল আলোচিত নতুন ইউনিফর্ম। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে লৌহ (আয়রন) রঙের এই নতুন পোশাক।
র্যাবের জলপাই (অলিভ) এবং আনসারের সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের ইউনিফর্মের পর এবার পুলিশের নতুন রঙ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে তৈরি করলো ভিন্নমাত্রা। বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংস দমন-পীড়নের অভিযোগ ও পুলিশের কাঠামোগত সংস্কারের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকার এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
“আজ থেকে দেশের সব মহানগর পুলিশ সদস্য নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন। খুব দ্রুতই পুরো বাহিনী এই ইউনিফর্মের আওতায় আসবে।”
নতুন পোশাক প্রথম ধাপে পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),ট্যুরিস্ট পুলিশ,হাইওয়ে পুলিশ,নৌ পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পুলিশও পর্যায়ক্রমে নতুন ইউনিফর্ম পাবে। তবে এপিবিএন ও এসপিবিএন তাদের আগের পোশাকেই থাকছে।
আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন—পুলিশ, র্যাব ও আনসারের ইউনিফর্ম নতুন করে তিন রঙে চূড়ান্ত করা হয়েছে এবং ধাপে ধাপে দেশের সব বাহিনীতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ পুলিশের পোশাকের ইতিহাস ব্রিটিশ আমলে গড়া।
প্রথমদিকে সাদা পোশাক ব্যবহার করা হলেও সহজে নোংরা হয়ে যাওয়ায় তা প্রত্যাহার করা হয়।১৮৪৭ সালে ব্রিটিশ কর্মকর্তা স্যার হ্যারি লুমসডেনের পরামর্শে চা–পানি দিয়ে তৈরি রঞ্জকে পোশাক রঙিন করে ‘খাকি’ রঙ চালু হয়।মহান মুক্তিযুদ্ধেও এই খাকি পোশাকেই লড়েছিলেন বাঙালি পুলিশ সদস্যরা।স্বাধীনতার পর বড় পরিবর্তন আসে ২০০৪ সালে—মহানগরে হালকা জলপাই ও জেলায় গাঢ় নীল পোশাকে রূপান্তর ঘটে।
২০০৯ ও ২০২০–২১ সালে পরীক্ষামূলক কিছু পরিবর্তন হলেও তা বাস্তবায়ন হয়নি। এবার প্রথমবারের মতো দেশজুড়ে একক রঙে পুলিশের বৃহত্তম পরিবর্তন হলো।
অন্যান্য বাহিনীতে রঙ পরিবর্তন হলেও র্যাবের কালো পোশাক তাদের পরিচিত ধারা বজায় রেখেছে—যা প্রতিষ্ঠার পর থেকে কখনো বদলায়নি।

